শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তার বাসায় হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) পরোয়ানা নিয়ে তার বাসায় যান। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।

এদিকে স্থগিত থাকা ওই মামলার পরোয়ানা তামিল করতে মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। ২০১০ সাল থেকে রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতারা এসব মামলা করেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দায়ের করা এসব মামলার কয়েকটিতে আদালতের রায়ও হয়। সাজা ভোগ করতে হয় মাহমুদুর রহমানকে। তার দাবি অনুযায়ী, বিনা বিচারে তাকে দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে।

সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পরও শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান রয়েছে। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top