সাম্প্রতিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ঘিরে পর্যটকদের নিরাপদ ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ২১ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পর্যটক, নৌযান চালক ও সংশ্লিষ্ট সবার জন্য বেশ কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা। তাই এর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে উচ্চ শব্দ সৃষ্টি হয়—এমন লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম কিংবা অন্যান্য শব্দযন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া পর্যটকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অনুমতি ছাড়া বাগানে প্রবেশ না করা, পেয়ারা বা অন্যান্য ফল সংগ্রহ না করা এবং গাছের পাতা বা ডালপালা নষ্ট না করার আহ্বান জানানো হয়েছে।
পরিবেশ রক্ষার স্বার্থে বড় আকারের বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌযান নিয়ে বাগানে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিবর্তে ছোট বা মাঝারি আকারের নৌযান ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পর্যটকদের সঙ্গে আনা খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, পলিথিন কিংবা অন্য কোনো বর্জ্য পানিতে বা বাগান এলাকায় ফেলা যাবে না। প্রতিটি নৌযানে একটি করে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
নিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রতিটি নৌযানে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট রাখতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। দুর্ঘটনা এড়াতে নৌযান চালক ও পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রত্যাশা, পর্যটক ও স্থানীয়দের সচেতনতা এবং সম্মিলিত সহযোগিতায় দেশের অন্যতম আকর্ষণীয় এই ভাসমান পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :