শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও রাতকানা রোগ প্রতিরোধে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুষ্টি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে উপজেলার মোট ২০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিশুদের বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল দেওয়া হচ্ছে,
নীল রঙের ক্যাপসুল: ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ২ হাজার ৩৮৮ জন শিশুকে।
লাল রঙের ক্যাপসুল: ১ বছর থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ১৮ হাজার ১১৬ জন শিশুকে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান,
”ভিটামিন ‘এ’ শিশুদের শরীরকে রোগ প্রতিরোধী করে গড়ে তোলে। এটি কেবল রাতকানা রোগই দূর করে না, বরং শিশুদের হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, উপজেলার একটি শিশুও যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সচেতনতার ওপর ভর করে এবার উপজেলায় শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।











