একসময় মাসে মাত্র আড়াই হাজার রুপি বেতনে গৃহকর্মীর কাজ করতেন। সংসারের অভাবের কারণে পড়াশোনাও ছেড়ে দিতে হয়েছিল। সেই কলিতা মাঝিই এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়া এই বিজেপি বিধায়ক সোমবার (১ জুন) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথের পর তিনি বলেন, এখন তার কাঁধে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব।
সংবাদমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গের আউশগ্রাম আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক কলিতা মাঝি সোমবার প্রতিমন্ত্রী (মিনিস্টার অব স্টেট) হিসেবে শপথ নিয়েছেন। শপথের পর এনডিটিভিকে দেয়া প্রতিক্রিয়ায় সাবেক এই গৃহকর্মী বলেন, একসময় তিনি মাসে মাত্র আড়াই হাজার টাকা আয় করতেন। আর এখন তার কাঁধে পুরো রাজ্যের দায়িত্ব।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ৩৫ জন মন্ত্রীর একজন কলিতা মাঝি। এই সম্প্রসারণের ফলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।
কলিতা মাঝি বলেন, ‘মোদিজি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন, এতে আমি ভীষণ আনন্দিত। কোনোদিন কল্পনাও করিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো দূরের কথা। আমি ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছি। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমার পুরো মনোযোগ ছিল নিজের নির্বাচনী এলাকায়। কিন্তু এখন পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব আমার কাঁধে।’
আর্থিক সংকটের কারণে কলিতা মাঝিকে নিয়মিত পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। পরিবারের খরচ চালাতে তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেছেন। তার স্বামী পেশায় একজন প্লাম্বার। আর তাদের ছেলে পার্থ বর্তমানে স্কুলে পড়াশোনা করছে।
বুথ পর্যায়ের কর্মী হিসেবে বিজেপিতে রাজনৈতিক যাত্রা শুরু করেন কলিতা মাঝি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও ২০২১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে ২০২৬ সালে দল তাকে দ্বিতীয়বার সুযোগ দেয় এবং এবার তিনি জয়ী হন।
সোমবার কলকাতার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভার এই সম্প্রসারণে ১৩ জন মন্ত্রিসভার সদস্য, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।











