সাম্প্রতিক
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্র নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ঝালকাঠিতে যুবলীগ নেতা ও ইউপি সদস্য তছলিম হোসেন মৃধা আটক নিভে গেল বাবুগঞ্জের ‘খবরের বাতিঘর’ আর নেই সুলতান আহমেদ মনোহরদীতে অযু করতে গিয়ে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১ মান্দায় জমি বিরোধে সংঘর্ষ: পাল্টাপাল্টি অভিযোগ, আহত ৫ জন ডিসি সারওয়ারের বদলি ঘিরে উত্তাল সিলেট চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক আমি যে সময় জেলখানায়, হানজালা সে সময় বিড়াল হয়ে বসে থাকত ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: রাশেদ

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে নদনদীর পানি, আবারো বন্যা আতঙ্কে সুনামগঞ্জবাসী

সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
টানা বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্যে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে জেলার নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের মাউসিনরামে ৫২৬.০ মিলিমিটার, মাওকিয়াতে ৩৮৫.০ মিলিমিটার এবং চেরাপুঞ্জিতে ৩৩২.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানে এই ব্যাপক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল দ্রুত সুনামগঞ্জের দিকে ধাবিত হচ্ছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিন ভারী বর্ষণ অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে সুরমা, যাদুকাটা, রক্তী নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাহিরপুর, বিশ্বম্ভরপুর,  ধর্মপাশা উপজেলার বেশ কয়েকটি নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। কোথাও কোথাও গ্রামীণ সড়ক পানির নিচে চলে যাওয়ার উপক্রম হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।
তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ বলেন, “উজানে এত বৃষ্টি হলে কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আমাদের এলাকায় পড়ে। নদীর পানি বাড়ছে, মানুষজনও বন্যার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে।”
সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক শফিকুল ইসলাম বলেন, “হাওর এলাকার মানুষ এখনও আগের দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। নতুন করে বন্যা হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।”
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের বৃষ্টিপাত এবং স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদ-নদীর পানি বর্তমানে বৃদ্ধি পেলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুত এবং জরুরি সেবাসমূহ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সিলেট বিভাগসহ উজান এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই নদীতীরবর্তী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের আশা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সময়মতো কার্যকর পদক্ষেপ নেবে, যাতে সম্ভাব্য বন্যায় জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

Tags:

সম্পর্কিত খবর :