চাঁদপুরের মতলব পৌরসভার রিকশা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়কের উন্নয়ন কাজে সহযোগিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য মতলবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবি পোদ্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
রবিবার (২১ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামের মাধ্যমে জেলা প্রশাসকের স্বাক্ষরিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র রবি পোদ্দারের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, মতলব পৌরসভার রিকশা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়কের আরসিসিকরণ কাজ বাস্তবায়নের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল সড়কের পাশে অবস্থিত শতবর্ষী একটি পরিত্যক্ত মঠ। উন্নয়ন কার্যক্রমের স্বার্থে ব্যক্তিগত মালিকানাধীন ওই স্থাপনা অপসারণে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি দেন রবি পোদ্দার। তাঁর এই উদার সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়।
জেলা প্রশাসকের কৃতজ্ঞতা পত্রে উল্লেখ করা হয়, নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP-LGED)-এর আওতায় বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন কার্যক্রম এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নের স্বার্থে রবি পোদ্দার যে মহানুভবতা, দায়িত্বশীলতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
পত্রে আরও বলা হয়, জনকল্যাণে তাঁর এই ত্যাগ ও ইতিবাচক মনোভাব উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সামাজিক সচেতনতা ও দেশপ্রেমের উজ্জ্বল নিদর্শন হিসেবে তাঁর এই অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করা হয়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, প্রথম আলোর মতলব প্রতিনিধি ও মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে জেলা প্রশাসকের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়ায় রবি পোদ্দার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।











