কক্সবাজারের উখিয়ায় গত তিন মাসে (আগস্ট-অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক, অবৈধ অস্ত্র এবং চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে অপহৃত ও নিখোঁজ হওয়া মোট ৬৩ জনকে।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১৮৯ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ২৩৯ জন, মাদক ব্যবসায়ী ৬১ জন এবং কিশোর গ্যাংয়ের ৬৭ জন সদস্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩২ জনসহ অপরাপর অপরাধে আরও ১৬ জনকে আইনের আওতায় আনা হয়।
অভিযানকালে অপহরণ ও নিখোঁজের ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। ১০টি শিশু অপহরণ মামলায় ১১ জন এবং ৪টি ব্যক্তি অপহরণ মামলায় ৬ জনসহ মোট ১৭ জন ভুক্তভোগীকে সশরীরে উদ্ধার করা হয়। পাশাপাশি থানায় দায়ের করা নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে আরও ৪৬ জনকে উদ্ধার করে নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে পুলিশের তালিকায় রয়েছে—৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবা, ১১৮.৫ লিটার দেশীয় চোলাই মদ এবং ৩ কেজি গাজা। এসব মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪টি টমটম জব্দ করা হয়। এ ছাড়া ১টি পিস্তল, ১টি ওয়ান-শুটার গান, ১টি একনলা বন্দুক, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করা হয়। একই মেয়াদে চোরাচালানবিরোধী অভিযানে ৫৪ বস্তা রাসায়নিক সার এবং ২ হাজার পিস ইনজেকশন জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
মামলা নিষ্পত্তির বিবরণ তুলে ধরে পুলিশ জানায়, তিন মাসে থানায় ২৬৩টি জিআর (সাধারণ রেজিস্টার) মামলা রুজু হয়েছে এবং একই সময়ে ২৫৭টি মামলার আইনগত নিস্পতি সম্পন্ন করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে এসব অভিযান বাস্তবায়িত হয়। উখিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ, ভুক্তভোগীদের উদ্ধার এবং সামগ্রিক জননিরাপত্তা বজায় রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।




