কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকারকে (রাজু) (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন একটি পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায় কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল। এ সময় আব্দুল খালেক সরকারকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল খালেক সরকার উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে আব্দুল খালেক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় ধারাবাহিকভাবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদীতেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে।












