কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে শাহীন (২৫) নামের এক স্যালো ইঞ্জিনচালিত ট্রলিচালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক শাহীন হোসনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাটি বোঝাই ট্রলিটি জব্দ করে ট্রলিচালক শাহীনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
একই সঙ্গে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রলির মালিক চরসাদিপুর দারোগার মোড় এলাকার লিটু মেম্বারকেও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দৌলতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহনের সময় ট্রলিসহ চালককে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থবিরোধী এ ধরনের অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
পরে জব্দ করা ট্রলি ও আটক চালককে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।












