ইংরেজি ভাষার কবি জুলিয়া এ. এফ. কার্নির “Little Things” কবিতার ভাবানুবাদ করলে দাঁড়ায়, “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।” এই কথার সারসংক্ষেপ করলে বলা যায়, ছোট ছোট জিনিস একসময় প্রকট রূপ ধারণ করে।
আজ আমরা আলোচনা করব সে রকমই একটি ছোট্ট কিন্তু মারাত্মক সংক্রমণকারী কীট নিয়ে: মশা। ভূমণ্ডলের এই ছোট্ট কীটটির সংক্রমণ ছড়ানোর প্রভাব অত্যন্ত মারাত্মক। এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত রোগী হঠাৎ তীব্র জ্বর (সাধারণত ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮.৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস), তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা এবং চামড়ায় র্যাশ বা ফুসকুড়ির মতো কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন হন। অনেকে এই রোগে প্রাণও হারান। আবার যাঁরা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন, তাঁদেরও দীর্ঘমেয়াদি কিছু অস্বস্তিতে ভুগতে হয়।
সাধারণত ভাইরাসবাহী স্ত্রী এডিস মশার (প্রধানত Aedes aegypti) কামড়ে ডেঙ্গু ভাইরাস শরীরে প্রবেশ করলে ডেঙ্গু হয়। এই ভাইরাস একজন মানুষ থেকে সরাসরি আরেকজনের শরীরে ছড়ায় না। ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়ানোর মাধ্যমে মশা ভাইরাসটি গ্রহণ করে, এবং পরে ওই মশা কোনো সুস্থ মানুষকে কামড়ালে ভাইরাসটি তাঁর শরীরেও ছড়িয়ে পড়ে।
ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি
ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা কমবেশি সবাই অবগত। এই রোগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে, সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিলও।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন (সূত্র: রাইজিংবিডি)।
তুলনায় ২০২৫ সালে মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, মারা যান ৪১৩ জন। অর্থাৎ বছর শেষ হওয়ার আগেই ২০২৬ সালের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গেছে। ২০২৪ সালে মৃত্যু ছিল ৫৭৫ জন, আক্রান্ত ১ লাখ ১২ হাজার ১৪ জন। সর্বোচ্চ ছিল ২০২৩ সালে: ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ভর্তি, ১ হাজার ৭০৫ জনের মৃত্যু।
এ বছর রোগের গতি দ্রুত বেড়েছে। ২০ আগস্টের প্রথম আলোর একটি প্রতিবেদনের হিসাবে ৩১ জুলাই থেকে ১৮ আগস্ট, এই ১৮ দিনে আক্রান্ত ১৫ হাজার ৩১০ থেকে বেড়ে ২৫ হাজার ৬০১ হয়েছে, অর্থাৎ ৬৭ শতাংশ বৃদ্ধি। আর সেপ্টেম্বর মাসে একাই ৪৩ হাজার ৭৭৪ জন ভর্তি হয়েছেন এবং ১৪৮ জন মারা গেছেন।
প্রশাসনের কার্যক্রম ও ঘাটতি
ডেঙ্গু প্রতিরোধে সরকার কিছু করছে না, এ কথা ঠিক নয়। সরকারও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, তবে অনিয়মের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়ের ঘাটতিসহ নানা কারণে তার সুফল জনগণ পাচ্ছে না।
জুনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়, আর সেপ্টেম্বরে শুরু হয় তিন মাসের দেশব্যাপী বিশেষ অভিযান। লার্ভা পেলে জরিমানা হচ্ছে, একটি রেস্টুরেন্টে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের ঘটনাও ঘটেছে। টাকাও কম খরচ হচ্ছে না। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর, এই পাঁচ বছরে ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিধনে ব্যয় করেছে ৬০৫ কোটি টাকা, আর চলতি অর্থবছরে বরাদ্দ ৩২২ কোটি।
তবু প্রশ্ন থেকে যায়: এত টাকা, এত অভিযানের পরও ফল কেন মিলছে না?
ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন। জুলাইয়ের মাঝামাঝি কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেছিলেন, বর্ষা দেরিতে শুরু হওয়ায় আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু মারাত্মক আকার নিতে পারে, তাই এখনই প্রস্তুত থাকতে হবে। প্রথম আলোর অনুসন্ধানে মাঠপর্যায়ের ঘাটতির কথাও উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ডিএসসিসির তদারকি কমিটির সদস্যদের প্রতিদিন মাঠে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তা নিয়মিত হচ্ছে না, আর ডিএনসিসির নতুন উদ্যোগের শুরুতেই সমন্বয় ও নজরদারির ঘাটতি দেখা গেছে।
নাগরিকের দিক: আমরা কতটা করতে পারি
সরকার জনগণের প্রতি দায়িত্ব থেকে কাজ করে গেলেও কোনো সরকার একা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারবে না। এর জন্য দরকার নাগরিকদেরও সহযোগিতা। কারণ সরকার প্রতিদিন আপনার বাসায় এসে তদারকি করতে পারবে না। বাসা পরিষ্কার রাখার দায়িত্ব আপনারই।
সাধারণত এডিস মশার স্বভাব মানুষের আশপাশে থাকা, তাই তার প্রজননস্থল আমাদের ঘরের ভেতরে বা আশপাশেই। এই মশা চার-পাঁচ দিনের স্বচ্ছ জমানো পানিতে দ্রুত বংশবৃদ্ধি করে। তাই বাসাবাড়িতে ফুলের টব, এসির ট্রে, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা যেকোনো পাত্রে জমানো পানি ফেলে দিতে হবে। তবে কত দিন পরপর পানি ফেলতে হবে, তা নিয়ে মতপার্থক্য আছে। কিন্তু সপ্তাহে অন্তত একবার, বর্ষায় আরও ঘন ঘন ফেলে দেওয়া নিরাপদ।
এ ছাড়া মশার আক্রমণ থেকে বাঁচতে মশারি, মশা নিরোধক ও ফুলহাতা পোশাক ব্যবহার করতে হবে।
সরকার কতটা, আমরা কতটা
প্রশ্নের উত্তর তাই এক বাক্যে দেওয়া কঠিন। সরকারের দায় ব্যবস্থা, তথ্য, প্রস্তুতি ও জবাবদিহির। আমাদের দায় ঘর, বাড়ি ও পাড়ার প্রতিদিনের পরিচ্ছন্নতার। এই দুই দায় একটি অপরটির বিকল্প নয়। সরকার ড্রেন, খালি জমি ও জনপথ সামলালে আমাদের সামলাতে হবে টব, ছাদ আর ফেলে রাখা পাত্র। দুই পক্ষই যে যার দায় না নিলে প্রতি বছর আমরা একই সংখ্যা গুনব, শুধু অঙ্কটা বড় হবে।
দেশ আমাদের, জীবন আমাদের, প্রিয়জনও আমাদের। তাই তাঁদের সবার নিরাপত্তার দায়িত্বও আমাদের। শুধু সরকারের ওপর নির্ভর করে থাকলে হবে না, প্রয়োজন নিজের ও পরিবারের সবার যৌথ উদ্যোগ। তাই নিজের বাসাবাড়ি পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি।
মোতাহের উদ্দিন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়




