“সবাই মিলে গড়ব দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিডি ক্লিন ও প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম। শপথ পাঠ ও র্যালির মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
পরে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। অভিযানে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি ক্লিনের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করি, এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং দেশের আরও তরুণ-তরুণী এতে অনুপ্রাণিত হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন দীঘিনালা উপজেলা শাখার সমন্বয়ক মেহেদী হাসান, সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্তসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।












