নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭ নম্বর লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা সংবাদ সম্মেলন করে দল ও নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কামঠানা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদত্যাগ করা দুই নেতা হলেন—লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রবাস চন্দ্র সরকার এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অশোক কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে অর্পিত দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন।
তবে বর্তমানে বয়স বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে নিয়মিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ কারণে নিজেদের ইচ্ছায় এবং কারও প্ররোচনা বা চাপ ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তারা। একই সঙ্গে নিজ নিজ পদ থেকেও স্থায়ীভাবে পদত্যাগের কথা জানান।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে কারও প্রতি কোনো অভিযোগ বা বিরূপ মনোভাব নেই। রাজনৈতিক জীবনে যারা তাদের সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি টানতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রবাস চন্দ্র সরকার ও অশোক কুমার বিশ্বাস। সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের সিদ্ধান্তের বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তারা।




