বরগুনার বেতাগী সরকারি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কলেজের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে মুহ. সাদ্দাম হোসেন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সমর কুমার বেপারী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “তোমরা এই কলেজের নতুন প্রজন্মের শিক্ষার্থী। নিয়মিত ক্লাসে উপস্থিতি, অধ্যবসায় ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কলেজের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে তোমাদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্লাস রুটিন তুলে দেওয়া হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাদের সাফল্য ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আমিন মোরশেদ রুহুল আমিন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সভাপতি মো. রহিম খানসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
চলতি শিক্ষাবর্ষে কলেজটির মানবিক বিভাগে ১৯৪ জন, বিজ্ঞান বিভাগে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭২ জনসহ মোট ৩০১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।




