জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী ও মানবিক পরিবেশে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন। ভোলার রাজাপুরে মেঘনা নদীর তীরে বসবাসরত অবহেলিত ও সুবিধাবঞ্চিত ভাসমান বেদে সম্প্রদায়ের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩০ জুন) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি ভাসমান বেদে পল্লীতে শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন গ্লোবাল টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেন।
হঠাৎ এমন ব্যতিক্রমী আয়োজন পেয়ে আনন্দে মেতে ওঠে বেদে পল্লীর শিশুরা। কেক কাটা, মিষ্টিমুখ ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের উচ্ছ্বাসে মেঘনা নদীর তীরে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া মানবিক পরিবেশ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চ্যানেল নাইনের ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, সংবাদকর্মী সফিক খান, বনি আমিন, কামাল হোসেন এবং বিশিষ্ট সমাজকর্মী আমির হোসেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সাধারণত চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে গ্লোবাল টেলিভিশন এবার সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত বেদে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। শিশুদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বেদে সম্প্রদায়ের অভিভাবকরাও এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তাদের শিশুদের নিয়ে এভাবে আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ আগে কেউ নেয়নি। গ্লোবাল টেলিভিশনের এই মানবিক উদ্যোগ তাদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।











