ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে পাচারকারী চক্রের সদস্য। বুধবার (২২ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭ নম্বরের পিকআপভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক বা আসামী কৌশল অবলম্বন করে দ্রুত চম্পট দেয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত পিকআপভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও যানবাহন আইনানুযায়ী জব্দ তালিকাভুক্ত করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, পলাতক আসামীকে সনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, মাদক উদ্ধারের এ ঘটনায় বিজয়নগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ব্রাহ্মণবাড়িয়া থেকে জেলা প্রতিনিধি বরকত মোল্লা ।












