রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে প্রকাশ্য দিবালোকে একটি ফার্ণিচারের দোকান দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সোনাপুর বাজারের বেতবাড়ীয়া সড়কে কাঠ ব্যবসায়ী জয়নাল মোল্লার “মেসার্স জয়নাল ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, নবাবপুর ইউনিয়ন যুবদল নেতা শামীম তার দলবলসহ দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে যায় এবং দোকানঘর দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল মোল্লা জানান, সকালে শামীম ও তার সহযোগীরা জোরপূর্বক তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালায় এবং দোকানের মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা করার চেষ্টা করে। তিনি আরও জানান, নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়।
জয়নাল মোল্লা অভিযোগ করে বলেন, এর আগেও শামীম তার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যায়। পরে থানায় অভিযোগ করলে সেটি ফেরত দিতে বাধ্য হয়।
এ বিষয়ে অভিযুক্ত শামীমের বক্তব্য জানার জন্য মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।












