নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষেই বিষপান করেছে বলে জানা গেছে। সোমবার ৬ জুলাই দুপুরে এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অসুস্থ শিক্ষার্থী রাকিব (১১) উপজেলার চরজাজিরা গ্রামের রফিজের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের (প্রেমের) বিষয়কে কেন্দ্র করে রাকিব শ্রেণিকক্ষের ভেতরে বিষপান করে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা খোঁজখবর নিচ্ছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, ক্লাস চলাকালীন রুমের মধ্যে মাথা নিচু করে বসেছিল সে, শ্রেণী শিক্ষিকা অমৃতা রিনী হালদারকে বলেন সে ওয়াশ রুমে যাবে তখন ওয়াশরুমে গিয়ে বিষ খেয়ে আবার ক্লাসে ফিরে আসে তখন পাশে বসে থাকা শিক্ষার্থীরা তার গায়ে গন্ধ জানালে শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।











