শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সতর্ক থাকতে জনসচেতনতামূলক মাইকিং করেছে বিজিবি।
শনিবার (৬ জুন) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১১৮-এর নিকটবর্তী এলাকায়, শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন লোককে মেঘালয় থেকে ধরে এনে বাংলাদেশে পুশইনের জন্য রাখা হয়।
ধারণা করা হচ্ছে, কাটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার জুমার নামাজের সময় তাদেরকে বাংলাদেশে পুশইনের পরিকল্পনা ছিল। তবে বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ওই অপপ্রয়াস ব্যর্থ করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে ৩৯ বিজিবির সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পুশইন এলাকাগুলোতে ২৪ ঘণ্টা ডিউটি জোরদার করা হয়েছে এবং টহল দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামবাসীদের জনসচেতনতামূলক সভার মাধ্যমে সতর্ক করা হচ্ছে। এ ছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট বাংলাদেশি দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ বা পুশইন রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।











