শেয়ার করুন

Desk Reporter
প্রধান প্রতিবেদক
Desk Reporter
প্রধান প্রতিবেদক

১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করল পুলিশ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেন।

অন্যদিকে, একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উল্লেখ্য, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন করে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক ও ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-৪-এ ১৭ হাজার, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। ফলে ১৭ হাজার টাকাকেই চূড়ান্ত করা হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top