নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে মোসা.মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রবিবার (২১ জুন) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মুন্নি বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামের শাকিল কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, , নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নন্দখোল গ্রামে স্বামী শাকিল কাজীর সাথে তার স্ত্রী মুন্নি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যার পর মুন্নি বেগমকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











