নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে একযোগে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, চারা ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে চাল ও নগদ অর্থ।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের এই মানবিক সহায়তা সবসময় অব্যাহত থাকবে। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কৃষকরা উৎপাদন বাড়াতে উৎসাহিত হবেন, অন্যদিকে বিপদে পড়া অসহায় পরিবারগুলোও প্রয়োজনীয় সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পাবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।












