বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও প্রথম স্ত্রীর স্বজনরা ওই ইমাম ও নারীকে হাতেনাতে আটক করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে মুচলেকা নিয়ে দুজনকেই তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে গতকাল বুধবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।
তথ্য সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের এক মেয়ের বিয়ে হয়। তবে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করার সময় ওই মসজিদের পাশের বাড়ির এক নারীর সঙ্গে তুহিনের ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই নারীও বিবাহিত। কিন্তু ওই নারী স্বামী-সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান। প্রায় সাত মাস আগে তারা বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। সেখানে বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর মসজিদের পাশেই একটি বাসা ভাড়া নিয়ে ওই নারীকে নিয়ে বসবাস করছিলেন আব্দুল্লাহ তুহিন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কারও কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



