ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ৭ হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন ও কার্যপ্রণালীর বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের তথ্যমতে, শনিবার (১০ অক্টোবর) সিজেপি (Cockroach Janta Party)-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়েরের প্রস্তুতি চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির বিভিন্ন সংবেদনশীল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভের জেরে রাজধানীজুড়ে ব্যাপক যানজট এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। এমনকি মেট্রো স্টেশনগুলোর বিভিন্ন গেট বন্ধ রাখাসহ কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে বাধা দিচ্ছে প্রশাসন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যাপক আটক অভিযান চালানো হয়েছে।



