‘আমরা এখানে ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

অযোধ্যার রামমন্দির পরিদর্শনের পরিকল্পনা করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। তার এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

শনিবার মিরাটে এক জনসভায় ওয়েইসি বলেন, ‘অখিলেশ এমন একটি স্থানে যাচ্ছেন, যেখানে আমরা ৪০০ বছর ধরে নামাজ আদায় করেছি।’ ওই স্থানে ১৯৯২ সাল পর্যন্ত বাবরি মসজিদ ছিল।

উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ওয়েইসি ও নাগিনার সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টি (এএসপি) মিলে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠন করেছে। মুসলিমদলিত ভোটের সমীকরণ কাজে লাগিয়ে বিজেপি, এসপি ও কংগ্রেসের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আগামী ১২ ডিসেম্বর রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা অখিলেশের। এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রামভক্তদের কাছে ক্ষমা চেয়ে তার মন্দিরে যাওয়া উচিত। ১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলির ঘটনার সময় অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী ছিলেন।

ওয়েইসি প্রশ্ন তোলেন, মসজিদ ও মাদ্রাসা ভাঙার ঘটনায় অখিলেশ কোথায় ছিলেন? এসপির পিডিএ (পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু) স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, এর প্রকৃত অর্থ ‘পলট দিয়া অখিলেশ’—অর্থাৎ অখিলেশকে ক্ষমতাচ্যুত করা।

২০১৩ সালের মুজফফরনগর দাঙ্গার প্রসঙ্গ তুলে ওয়েইসি অভিযোগ করেন, অখিলেশের মুখ্যমন্ত্রিত্বের সময় প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। ১৯৮৭ সালে মিরাটের হাসিমপুরায় ৪২ জন মুসলিম হত্যার ঘটনাও স্মরণ করিয়ে দিয়ে তিনি কংগ্রেসকে আক্রমণ করেন।

বিজেপিকে হারাতে মুসলিম ও দলিতদের এসপিকে ভোট দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে ওয়াইসি প্রশ্ন করেন, ২০১৪, ২০১৭, ২০১৯ কিংবা ২০২২ সালের নির্বাচনে এসপি কি বিজেপিকে পরাজিত করতে পেরেছিল?

সভায় তিনি চন্দ্রশেখর আজাদকে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন করেন। ওয়েইসি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সামনে আর মাথা নত করব না, কারো কাছে গিয়ে ভিক্ষা চাইব না।’

পাশাপাশি কৃষিঋণ মওকুফ, আখের ন্যায্যমূল্য বৃদ্ধি এবং পশ্চিম-উত্তর প্রদেশে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। পুলিশের কথিত পক্ষপাতমূলক এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

সূত্র: এনডিটিভি

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top