ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদের একাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘটনায়। জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের দলত্যাগ, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) কয়েকজন নেতার যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার একাধিক দায়িত্বশীল নেতা দল থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাঞ্চন আহমেদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার।
বর্তমানে মোঃ কাঞ্চন আহমেদ এনসিপির সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুম মিয়া দপ্তর সম্পাদক এবং মোফাজ্জল হোসেন সরকার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঈশ্বরগঞ্জ উপজেলা ও ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন শাখার একাধিক গুরুত্বপূর্ণ পদধারী নেতাকর্মীও পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.কে. জুনাঈদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কনক, উপ-দপ্তর সম্পাদক এস.কে. আরিফ, প্রচার সম্পাদক শাহিনুর কবির, সহ-প্রচার সম্পাদক মোঃ আরিফ এবং সমাজসেবা সম্পাদক মোঃ নাজমুল হাসানসহ আরও অনেকে।
এ ছাড়া ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুপন এবং প্রচার সম্পাদক রবিন হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি সাধারণ পর্যায়ের আরও অনেক নেতাকর্মী সংগঠনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তারা ব্যক্তিগত ও অনিবার্য কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগকারী কয়েকজন নেতার বক্তব্যে কেন্দ্রীয় নেতৃত্বের উদাসীনতা, তৃণমূলের যথাযথ মূল্যায়নের অভাব এবং সাংগঠনিক অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে।
একদিকে গণঅধিকার পরিষদের জেলা পর্যায়ের নেতাদের এনসিপিতে যোগদান, অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের একযোগে পদত্যাগ—সব মিলিয়ে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে গণঅধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠেছে—এটি কি কেবল ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে নেতাকর্মীদের সরে দাঁড়ানো, নাকি ময়মনসিংহের রাজনীতিতে নতুন কোনো সাংগঠনিক মেরুকরণের সূচনা? আগামী দিনে এর প্রভাব কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।




