ঋণ নয়, অনুদান চাই: কপ-৩১ উপলক্ষে কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের ৭ দফা দাবি

 জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও অভিযোজন অর্থায়নে কৃষকেরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মী ও কৃষক প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান, কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন তাঁরা।
রোববার (১৫ নভেম্বর) সকালে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য মেজবাহউদ্দিন মান্নু ও মোশাররফ হোসেন মিন্টু, ইটবাড়িয়া সৌরবিদ্যুৎ উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, সাধারণ সম্পাদক মো. কাউসার হাওলাদার এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। কর্মসূচি সঞ্চালনা করেন ফোরামের সদস্যসচিব মো. নজরুল ইসলাম।
এ সময় এখন টিভির জেলা প্রতিনিধি জসিম পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি মিলন রাজু, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু, প্রান্তজনের প্রতিনিধিসহ সমবায় সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কপ-৩১-এর প্রথম দিন ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন, সময়সীমা কিংবা বাধ্যতামূলক সিদ্ধান্তের নিশ্চয়তা পাওয়া যায়নি। অথচ এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। বিপরীতে এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে নেমেছে।
প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন, কৃষি ও খাদ্যব্যবস্থার অভিযোজন চাহিদা সবচেয়ে বেশি হলেও অর্থায়নের ক্ষেত্রে এ খাত উপেক্ষিত। কৃষকের অধিকার ও জীবিকা সুরক্ষায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে বাস্তব প্রতিশ্রুতি এবং তার বাস্তবায়ন জরুরি।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”
আয়োজকেরা জানান, এ প্রচারাভিযানের মূল লক্ষ্য স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আন্তর্জাতিক আলোচনায় যুক্ত করা। কৃষিকে শুধু গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর খাত হিসেবে বিবেচনা না করে খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে দেখতে হবে।
মানববন্ধনে বাংলাদেশের কৃষি খাতের বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরা হয়। বক্তারা জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দেশের কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা। অন্যদিকে দেশে ৯ লাখ ৫১ হাজার ডিজেলচালিত নলকূপ এবং বছরে ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানির ওপর নির্ভরতা কৃষির উৎপাদন ব্যয় বাড়াচ্ছে।
বক্তারা আরও জানান, বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে প্রয়োজনীয় ১১৬.১৮ বিলিয়ন ডলারের মধ্যে ৯০.২৩ বিলিয়ন ডলারই বিদেশি সহায়তানির্ভর। অথচ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের ৬৫ শতাংশ ঋণ হিসেবে আসছে, যা জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা তৈরি করছে।
মানববন্ধন থেকে উত্থাপিত সাত দফা দাবি হলো—
১. ক্ষয়ক্ষতি তহবিল (FRLD) থেকে ফসল, বীজ, গবাদিপশু ও জীবিকার ক্ষতির পাশাপাশি নদীভাঙন, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির মতো দীর্ঘমেয়াদি ক্ষতির জন্য কৃষক-জেলেদের পর্যাপ্ত অনুদান নিশ্চিত করা।
২. শারম আল-শেখ যৌথ কার্যক্রমের (SJWA) পরবর্তী ধাপে কৃষির জন্য অন্তত পাঁচ বছর মেয়াদি সুনির্দিষ্ট বাজেট ও সময়সীমাভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং সবুজ জলবায়ু তহবিলের সঙ্গে এর সংযোগ স্থাপন।
৩. বেলেম সম্মেলনের ঘোষণা অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং তা অনুদান হিসেবে নিশ্চিত করা।
৪. বেলেম অভিযোজন সূচকে শুধু কৃষি উৎপাদনের পরিমাণ নয়, খাদ্যের প্রাপ্যতা, পুষ্টি, মাটি-পানির স্বাস্থ্য এবং কৃষক-জেলেদের আয়কে মূল্যায়নের ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা।
৫. ক্ষয়ক্ষতি তহবিলে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষতির জন্য পৃথক আবেদনব্যবস্থা চালু এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষুদ্র অনুদান দেওয়া।
৬. সৌরসেচ, সৌরচালিত হিমাগার ও কৃষিপ্রতিবেশভিত্তিক উদ্যোগে শর্তহীন অনুদান ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা এবং কার্বন ক্রেডিটের নামে কৃষকের জমি ও পানি দখল বন্ধ করা।
৭. জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা না বাড়িয়ে শর্তহীন অনুদান নিশ্চিত করা এবং অর্থায়নে অনুদান ও ঋণের অনুপাত আলাদাভাবে প্রকাশের ব্যবস্থা করা।
এ ছাড়া সৌরসেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দেওয়া, সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করা এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, কৃষি রূপান্তরের ব্যয় কোনোভাবেই ক্ষুদ্র কৃষকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য ন্যায্য বরাদ্দ এবং কৃষকের অধিকার সুরক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলকে আন্তর্জাতিক দরকষাকষিতে এসব দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো পড়ুন

​উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা ও রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন ​এস এম

Scroll to Top