জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও মতিউর রহমান রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত প্রস্রাবখানার পৃথক স্থানে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
এ ঘটনায় পুরো বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথগঞ্জ ঘাট বাজারের পান ব্যবসায়ী আব্দুস সালাম তার দোকান খুলতে এসে লাল টেপে মোড়ানো ও তার যুক্ত একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি তিনি পাশের দোকানদার মান্নান ডিলারকে জানালে মান্নান ডিলার স্থানীয় নেতাদেরসহ পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাল টেপে মোড়ানো এবং দুই পাশে একাধিক জোড়া বৈদ্যুতিক তার যুক্ত ওই বস্তুগুলোর ওপর হাতে সাবধান ‘বিপজ্জনক’ দূরে থাকুন লেখা ছিল। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা এলাকা ঘিরে রাখেন এবং বোমা ডিসপোজাল ইউনিটের অপেক্ষা না করে নিজেরাই বস্তু দুটি উদ্ধার করে পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, ‘আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও রেলস্টেশন এলাকায় পৃথক স্থানে বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। বস্তু দুটি উদ্ধার করে পানিতে ফেলে নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।’



