পিরোজপুরের কাউখালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করছে আশ্রম কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, পরিচালনা কমিটির সহসভাপতি বদরুদ্দোজা মিঞা, কমিটির অন্যান্য সদস্য, শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকেরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্রম কর্তৃপক্ষ জানান।
বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকেরা আশ্রমের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও চক্ষু শিবিরসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।



