জামালপুরের ইসলামপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উত্তর দরিয়াবাদ প্রবেশ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়কজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের একপাশে অবাধে গৃহস্থালির ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়ায় এবং চলাচলে সৃষ্টি হয় মারাত্মক বিঘ্ন।
অভিযোগ রয়েছে, যেখানে ব্যক্তিগত দেয়াল রক্ষায়, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, লিখে সচেতনতামূলক বার্তা টানানো হয়েছে, সেখানে জনসাধারণের চলাচলের রাস্তার পাশেই নির্বিচারে আবর্জনা ফেলা হলেও তা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে একটি ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সড়কে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত দুঃখজনক। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।












