বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনক হারে মাদক ব্যবসা বিস্তার লাভ করছে বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন স্পটে চলছে মাদকের কেনাবেচা, যার ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ তরুণ ও যুব সমাজের একটি অংশ দিন দিন মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। এতে শুধু ব্যক্তি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম।
স্থানীয়দের মতে, মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণদের টার্গেট করে সহজলভ্য করে তোলা হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। ফলে অনেক শিক্ষার্থী ও যুবক অল্প বয়সেই মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক।
সচেতন মহল মনে করেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে নিয়মিত অভিযান পরিচালনা করা গেলে বাবুগঞ্জ থেকে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
সমাজের সর্বস্তরের মানুষের দাবি, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও জরুরি।
মাদকমুক্ত বাবুগঞ্জ গড়তে এখনই সময় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার। প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং সামাজিক সচেতনতাই পারে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে।











