সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ সেখ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ সেখ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ওই এলাকার ইউপি সদস্য শিপন শেখ বলেন, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় রিয়াদ। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আত্মীয়স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু খবর পেয়েছি। নিহত শিশুর পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











