আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিএনপির দলীয় সমর্থন পেতে প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে মোট ১৪৮ জন বিএনপি নেতাকর্মী ও সমর্থক তাঁদের রাজনৈতিক ও সামাজিক জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দিয়েছেন।
উপজেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দলীয় সমর্থন প্রত্যাশীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফির কাছে তাঁদের আবেদন ও বায়োডাটা জমা দেন। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এবং উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ১০৮ জনসহ মোট ১৪৮ জন দলীয় সমর্থন চেয়ে আবেদন করেছেন।
ইউনিয়নভিত্তিক হিসাবে চেয়ারম্যান পদে ১ নম্বর সয়না-রঘুনাথপুর ইউনিয়নে ৩ জন, ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নে ৬ জন, ৩ নম্বর সদর ইউনিয়নে ৪ জন, ৪ নম্বর চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে ১১ জন এবং ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নে ২ জন আবেদন করেছেন।
তিনি আরও জানান, জমা পড়া আবেদন ও বায়োডাটাগুলো প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের কাছে পাঠানো হবে। তাঁর নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী সময়ে উপজেলা বিএনপি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এদিকে, দলীয় সমর্থন পেতে বায়োডাটা জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েক দিন উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বেড়েছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় দলীয় কার্যালয় ঘিরে তৈরি হয়েছে নির্বাচনী আবহ। আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই দলীয় সমর্থন পাওয়ার এই প্রতিযোগিতা কাউখালীর স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।




