সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদর ও নয়টি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানাযায়, অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




