ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে পিরোজপুরে খাল পরিষ্কার, আবর্জনা অপসারণ ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়সংলগ্ন নিজামুদ্দিন খাল ও পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়।
অভিযানকালে খাল থেকে আগাছা ও আবর্জনা অপসারণ, জলাবদ্ধতা নিরসন এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




