২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব এবং কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও পৌর বিএনপির আহবায়ক সাজেদুর রহমান সোহেল তালুকদার সহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, চলতি মৌসুমে কালাই উপজেলার ৩ হাজার ৩০০ কৃষককে সরিষা বীজ ও সার দেওয়া হচ্ছে, যা উপজেলায় সর্বোচ্চ বরাদ্দ। অতীতে এ উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৩০০ জনের বেশি কৃষক এ সুবিধা পাননি। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কৃষকরা বরাদ্দকৃত বীজ খাদ্য হিসেবে ব্যবহার না করে জমিতে বপন করে সরকারের প্রধান কর্মসূচিকে সফল করবেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরিষা চাষে আগ্রহী প্রকৃত কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে সার পাচ্ছেন।




