পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাদের শহরের ম্যাটারনিটি রোডের বাড়িটিতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার স্ত্রী সালমা রহমান হ্যাপী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, তাদের বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। খালেকের বড় ভাই এ কে এম এ আউয়াল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন এবং তাদের মেজ ভাই হাবিবুর রহমান মালেক সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটিতে মেরামতের কাজ শুরু করা হয়েছিল। বুধবার রাতে একদল বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, রাতে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




