কক্সবাজারের চকরিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১৭ জনকে স্বাবলম্বী করে তুলতে পুনর্বাসন সামগ্রী ও নগদ সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। এ জন্য মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পুনর্বাসন সামগ্রী তুলে দেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী জানান, উপকারভোগীদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অনুদানের অর্থে ক্ষুদ্র ব্যবসার পণ্যসামগ্রী, মুদি দোকানের মালামাল, ছাগল এবং সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এসব সহায়তা কাজে লাগিয়ে তারা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই সরকারের এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পুনর্বাসন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্থায়ী কর্মসংস্থান গড়ে তোলার মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।











