ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মাগুরায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে বাদ্যযন্ত্র বাজিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে অসংখ্য ভক্ত-সমর্থকদের নিয়ে এই সুবিশাল পতাকাটি প্রদর্শন করা হয়।
ব্যতিক্রমী ও বিশাল এই পতাকা প্রদর্শনী দেখতে কুষ্টিয়া, বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জার্মান ফুটবল দলের সমর্থক এবং স্থানীয় কয়েক হাজার উৎসুক নারী-পুরুষ মাঠটিতে ভিড় জমান।
খোঁজ নিয়ে জানা গেছে, মাগুরা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন এই সুবিশাল পতাকাটি তৈরি করেছেন। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা বলে দাবি তার।
এর আগে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে তিনি প্রথম ৩ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার নিজের সেই রেকর্ড ভেঙে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করতে গিয়ে তাকে নিজের ৩০ শতক জমি বিক্রি করতে হয়েছে।
জার্মানির প্রতি এমন অভূতপূর্ব ভালোবাসার কারণ জানতে চাইলে আমজাদ হোসেন জানান, এটি মূলত এক বুক কৃতজ্ঞতা থেকে।
তিনি বলেন ২০১২ সালে আমি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলাম। সে সময় জার্মানির তৈরি ওষুধ সেবন করে আমি সম্পূর্ণ রোগমুক্তি লাভ করি। সেই কৃতজ্ঞতা ও ভালোলাগা থেকেই আমি জার্মান ফুটবল দলের ভক্ত হই এবং এই পতাকা তৈরি ও প্রদর্শন করে আসছি।
ফুটবল ও জার্মানির প্রতি আমজাদ হোসেনের এমন নিঃস্বার্থ ভালোবাসা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তাকে ‘জার্মান ফ্যান ক্লাব’-এর অফিসিয়াল সদস্য পদ প্রদান করেছেন.











