চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দলিয়ারপুর গ্রামের খন্দকার পাড়ায় ২২৩ ফিট সলিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
নতুন রাস্তাটির উদ্বোধন করেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
দীর্ঘদিন পর এই সলিং রাস্তাটি নির্মিত হওয়ায় খন্দকার পাড়াসহ দলিয়ারপুর গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি চালু হওয়ার ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো এবং এখন থেকে দামুড়হুদা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত ও পণ্য পরিবহনে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি আজ পূরণ হলো। আগামীতেও দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অবহেলিত রাস্তার উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




