ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’, ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন’ এবং ‘জমে থাকা পানি অপসারণ করুন’—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোর্ডিং মসজিদের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়। র‍্যালি শেষে নেতাকর্মীরা ভোলা শহরের বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
লিফলেটে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা রশিদ, মাওলানা আব্বাস উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মো. বেলায়েত হোসেন, মাওলানা জাকির হোসাইন, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন, পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
তারা বলেন, একজনের সচেতনতা পুরো পরিবারকে, আর একটি পরিবারের সচেতনতা একটি এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top