দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া ও গন্ডবিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধ করা এবং অবৈধভাবে মাছ আহরণ রোধ করা।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধন হওয়ায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় সরকার নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।











