শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রাজধানীতে আজ শনিবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের মধ্যে কারা শ্রমিক আর কারা শ্রমিক না-সেই তথ্য মিডিয়ার কাছে আছে। আপনারা সেটা প্রকাশ করুন। মিরপুরের আন্দোলনের সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত।সরকারকে অস্থিতিশীল করার জন্য ওই রাজনৈতিক মহল এগুলো করছে।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। তবে এটাকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়ার সুযোগ নেই। সরকার প্রত্যেকটা স্টেপে তার দায়িত্ব পালন করবে।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন দ্রুত দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, মজুরি বোর্ড গঠন হবে আগামীকাল। তারপরও আন্দোলন হওয়ার কথা না। কেন এই আন্দোলন? দেশপ্রেমিক হলে নোংরামি থেকে দূরে থাকবেন।




