সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) সকালে সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হেমায়েতপুরের পদ্মার মোড়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সকালে উলাইলে আল-মুসলিম কারখানার সামনে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়েও শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা গেছে। এ সময় শ্রমিকেরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

হেমায়েতপুরে শ্রমিকদের হামলায় ৭১ টেলিভিশনের একজন সাংবাদিক ও একজন ক্যামেরাম্যান এবং স্টার নিউজের একজন সাংবাদিক আহত হয়েছেন।

এদিকে আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায়ও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে আশুলিয়ার অন্য এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হেমায়েতপুরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থা এখনো ভয়াবহ।

এমআই/বার্তা বাজার

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বেনাপোল পেঁচের বাওড় এলাকার চিত্র: উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন শীউলী খাতুনের মানবেতর জীবন ও স্থানীয় নানা অনিয়মের অভিযোগ

 একসময়ের ভয়ের জনপদ বেনাপোলের পেঁচের বাওড় এলাকা এখন সময়ের পরিক্রমায়

Scroll to Top