প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার প্রেসক্লাব বাঁকড়ায় সংবাদ সম্মেলন করেছেন বাঁকড়া ইউনিয়নের আলিপুর (বাঁকড়া বাজার) গ্রামের বাসিন্দা আসাদুর রহমান।
সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড় ভাই কামরুর রহমান। তিনি জানান, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক লোকসমাজ ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় “কপোতাক্ষ নদ ভরাট করে দখলের চেষ্টা” শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমি সিদ্দিক হোসেন (পিতা: আজির বকস মোড়ল, গ্রাম: বাঁকড়া) এর কাছ থেকে আইনগতভাবে ক্রয় করা হয়েছে। জমিটি ১৫৫ নং বাঁকড়া মৌজায় অবস্থিত, যার নামজারি খতিয়ান নং ২৫-১৯৯৯ এবং আরএস দাগ নং ৮ ও ৯ অনুযায়ী মোট ৪২.৫০ শতাংশ।
তিনি আরও দাবি করেন, জমির ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা হয়েছে এবং সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ ও সীমানা নির্ধারণের পর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কপোতাক্ষ নদের কোনো জমি দখল করা হয়নি বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে প্রমাণ হিসেবে জমির নামজারি রেকর্ড, কর পরিশোধের দাখিলা এবং সার্ভেয়ারের স্বাক্ষরযুক্ত কাগজপত্র উপস্থাপন করা হয়।












