নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ৪ জুলাই রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানাধীন ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে অভিযান পরিচালনা করেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে মোঃ সাহাবুল ইসলাম সাধন (৩৬), পিতা—মৃত আলী আকবর এবং মোঃ ঝুমুর আলী (৩৪), পিতা—মৃত জামাত আলী, উভয় সাং—ওয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা—লালপুর, জেলা—নাটোরকে আটক করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৩০ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম, উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে আটক আসামিদের ৫ জুলাই রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ধারাবাহিক অভিযান এলাকায় মাদক নির্মূলে ইতিবাচক ভূমিকা রাখছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












