ঝিনাইদহের কালীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং আসল-নকল নোট শনাক্তকরণে জনসচেতনতা বাড়াতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখা। এতে সহযোগিতা করে উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ কর্মশালায় জালনোটের বিস্তার রোধ, জালনোট শনাক্তকরণের পদ্ধতি এবং নিরাপদ আর্থিক লেনদেন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন -কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী এবং সোনালী ব্যাংক পিএলসির ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।
কর্মশালায় স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালায় জালনোটের ক্ষতিকর প্রভাব, আসল ও জালনোটের পার্থক্য এবং নোট শনাক্তের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আর্থিক লেনদেনের সময় সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয় উক্ত অনুষ্ঠানে।




