পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করার অভিযানের পরদিনই ফের অভিযান চালিয়েছে প্রশাসন। এবার ফুটপাত দখল করে মাছ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে বিক্রির জন্য রাখা মাছ জব্দ করে তা এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বির নেতৃত্বে পৌর শহরের সদর রোডের দুই পাশের ফুটপাত এবং পৌর ফিস মার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল আমীন এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের উপযোগী রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
শহরের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




