চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. নাহিদ হোসেন (২৭), পিতা- জাকির হোসেন, সাং- কড়ইশ, কচুয়া পৌরসভা।
২. মো. আরাফাত (২১), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- কড়ইশ, কচুয়া পৌরসভা। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
যেভাবে ধরা পড়লো:
মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মো. আরাফাতের মোবাইল ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।
জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবি তুলেছিল।
পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়।
অভিযানে নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া চেকপোস্ট চলাকালে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




