নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের এক নির্মাণশ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। তার আগে স্থানীয় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২০ জুলাই) বিকেলে রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুল নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের নির্মাণশ্রমিক রবিউলের ঘরের ভেতরে গিয়ে শিশুটির নিথর দেহ কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। স্বজনদের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে রবিউল। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবিউল আত্মগোপনে ছিল।
পরদিন মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় অভিযুক্ত রবিউলকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু জানান, আটক রবিউল বর্তমানে জেলা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে থানা হাজতে রাখা হয়েছে। এ জঘন্য অপরাধের ঘটনায় মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












