মোঃ আমিরুল হক
রাজবাড়ী সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগের কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নতুন উপজেলার জন্য আপাতত ‘পঞ্চকানন’ নাম প্রস্তাব করা হলেও এটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন উপজেলার জন্য সহজ, সুন্দর ও সর্বজনগ্রহণযোগ্য একটি নাম নির্ধারণে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। সবচেয়ে উপযুক্ত নাম প্রস্তাবকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লেখেন, “রাজবাড়ী সদরকে ভেঙে আলাদা একটা উপজেলা করতে চেষ্টা করছি। যেহেতু পাঁচটি ইউনিয়ন নিয়ে এটা গঠিত হবে, সে কারণে আপাতত এমন নাম রেখেছি ‘পঞ্চকানন’। তবে নামটি চূড়ান্ত নয়। একটা সহজ সুন্দর নামের জন্য সকলের মতামত নেওয়া হবে। যে ভালো নাম দেবে তাকে পুরস্কৃত করা হবে। আগামী ১ আগস্ট থেকে সাত দিনব্যাপী নামের প্রস্তাব নেওয়া হবে। তখন বিস্তারিত জানানো হবে।”
প্রতিমন্ত্রীর এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নতুন উপজেলার নাম নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দিচ্ছেন।
তবে নতুন উপজেলা গঠনের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে অনুমোদন এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন উপজেলা বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত ১১ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রাজবাড়ী সদর উপজেলাকে বিভক্ত করে দুটি উপজেলা গঠনের প্রস্তাব দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরে সভায় উপস্থিত উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা এ প্রস্তাবে সম্মতি জানান।
জানা গেছে, বর্তমানে রাজবাড়ী সদর উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে মূলঘর, খানখানাপুর, শহীদ ওহাবপুর, বসন্তপুর ও সুলতানপুর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমান সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়নের গতি বাড়ানোর লক্ষ্যেই নতুন উপজেলা গঠনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা প্রেরক,












